সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। একই সঙ্গে কিছু এলাকায় ইয়েলো অ্যালার্টও দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে কুয়াশার প্রভাব বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুয়াশার কারণে সড়কে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। বিশেষ করে গাড়িচালকদের ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার আমিরাতের আকাশ সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় ও অভ্যন্তরীণ কয়েকটি এলাকায় বাতাসে আর্দ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কোথাও কোথাও কুয়াশা কিংবা হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে।

