তেঁতুলিয়ায় জনপ্রিয় হচ্ছে হোমস্টে

সমতলে সবুজ কার্পেটে মোড়ানো চা-বাগান, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর কাঞ্চনজঙ্ঘার টানে শীতের শুরুতে পর্যটকেরা ছুটছেন তেঁতুলিয়ায়। এই অঞ্চলে পর্যটন মৌসুম শীতকালে। এই ঋতুর শুরুতে তেঁতুলিয়া থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।
প্রায় সারা বছর তেঁতুলিয়ায় পর্যটক থাকলেও অক্টোবর থেকে পুরো শীতকাল তাদের সংখ্যা বেড়ে যায়। এ সময় আবাসিক হোটেল ও রিসোর্টে ধারণক্ষমতার কয়েক গুণ পর্যটক আসে তেঁতুলিয়ায়। ফলে দিন দিন জনপ্রিয় হতে শুরু করেছে হোমস্টে। তেঁতুলিয়া ডাকবাংলো এবং আশপাশের বাড়ির অব্যবহৃত রুম এখন পর্যটকদের জন্য হোমস্টে হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অবলোকন, সমতল ভূমির চোখজুড়ানো সবুজ চা-বাগানের সৌন্দর্য এবং বিশেষত শীত উপভোগ করতে তেঁতুলিয়ায় আসেন পর্যটকেরা। কথা হয় গাজীপুরের দর্শনার্থী শাকিল হোসেনের সঙ্গে। তিনি কোনো আবাসিক হোটেল বা রিসোর্টে সিট না পেয়ে বন্ধুদের সঙ্গে একটি হোমস্টেতে রাতযাপন করেন। বেশ নিরিবিলি পরিবেশে তাঁদের টিমের আটজন দুটি রুম নিয়ে ছিলেন। এই অভিজ্ঞতা তাঁদের কাছে বেশ রোমাঞ্চকর ছিল বলে জানিয়েছেন শাকিল।

