মহেশপুরে বাড়িতে অনলাইন জুয়ার কারবার: সরঞ্জামসহ বাবা-ছেলে গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে নিজ বাড়িতে কম্পিউটার বসিয়ে অনলাইন জুয়ার কারবার পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযান চলাকালে জুয়া পরিচালনায় ব্যবহৃত আটটি কম্পিউটার মনিটর, আটটি সিপিইউ, দুটি ইউপিএস এবং দুটি মুঠোফোন জব্দ করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সঙ্গে জড়িত অপর এক ব্যক্তি পালিয়ে যান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের ফাতেউল আলম এবং তাঁর ছেলে আকাশ রহমান। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়িতে গোপনে অনলাইন জুয়ার কারবার চলছে—এমন গোপন খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালায় ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল। অভিযানে ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমানকে গ্রেফতার করা সম্ভব হলেও ফাতেউলের আরেক ছেলে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান।
ঝিনাইদহ ডিবি পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের বাড়িতে গোপনে এই অনলাইন জুয়ার রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মহেশপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

