জীবননগরে পূজামণ্ডপের নিরাপত্তায় বিজয় হালদারের উদ্যোগে ২৪ মন্দিরে অগ্নিনির্বাপক সিলিন্ডার

শারদীয় দুর্গোৎসব চলাকালে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এবং মণ্ডপের নিরাপত্তা জোরদার করতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২৪টি মন্দিরে অগ্নিনির্বাপণ সিলিন্ডার দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ও জীবননগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক আহ্বায়ক বিজয় হালদার ব্যক্তিগত উদ্যোগে এসব সিলিন্ডার পৌঁছে দেন।
গত শনিবার উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজয় হালদার। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির নেতাদের হাতে অগ্নিনির্বাপণ সিলিন্ডার তুলে দেন। পাশাপাশি মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজার দিনগুলোতে মণ্ডপে দর্শনার্থী ও ভক্তদের উপচে পড়া ভিড় থাকে। এমন সময়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রাথমিক সতর্কতামূলক প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি। মন্দিরগুলোতে এসব অগ্নিনির্বাপক সিলিন্ডার থাকায় জরুরি মুহূর্তে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সিলিন্ডার বিতরণকালে জীবননগর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমেন বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক আহ্বায়ক নারায়ণ ভৌমিক, সাবেক যুগ্ম আহ্বায়ক যাদব কুমার প্রামাণিক এবং সাবেক সাধারণ সম্পাদক বসু দেব রক্ষিতা উপস্থিত ছিলেন। এ ছাড়া জগবন্ধু বিশ্বাস, আনন্দ কর্মকার, সরজিত কর্মকার ও রাম চন্দ্র রাজবংশীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উৎসব চলাকালীন মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সময়োপযোগী উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

