দর্শনায় মডার্ন ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় অগ্নিনিরাপত্তার অভাব ও ক্লিনিক্যাল আইন লঙ্ঘনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক জরিমানা করা হয়।
অভিযান চলাকালে দর্শনা মডার্ন ক্লিনিক ও নার্সিংহোমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সরেজমিনে পরিদর্শন করা হয়। দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দর্শনা পৌরসভার প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে প্রশাসন ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. নজরুল ইসলামসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরেজমিনে প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার দুর্বলতা এবং ক্লিনিক্যাল নিয়মনীতির বিভিন্ন ত্রুটি নজরে এলে আদালত অর্থদণ্ড প্রদান করে।
সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা বজায় রাখা, চিকিৎসাসেবার যথাযথ মান বজায় রাখা এবং মারাত্মক অগ্নিকাণ্ডের ঝুঁকি প্রতিহত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযান সূত্রে জানা গেছে।

