জীবননগরে ৪৬ বোতল উইন সিরিক্সসহ ব্যক্তি আটক, মোটরসাইকেল জব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল অবৈধ উইন সিরিক্স সিরাপসহ রিয়াজ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌরসভার নারায়ণপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়। এ সময় তার ব্যবহৃত ১৫০ সিসির একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক রিয়াজ মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর মোড় এলাকায় অবস্থান নেন অভিযানকারী দল। সেখানে মোটরসাইকেলযোগে পৌঁছালে রিয়াজকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৪৬ বোতল উইন সিরিক্স সিরাপ উদ্ধার হলে তাকে ও বহনকারী মোটরসাইকেলটি হেফাজতে নিয়ে থানায় আসে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, মাদকবিরোধী অভিযানে ৪৬ বোতল নিষিদ্ধ উইন সিরিক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

