আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক ধরা, পাঠানো হলো আদালতে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম রেজা (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে পৌর এলাকার থানাপাড়া থেকে তাঁকে মাদকসহ পাকড়াও করা হয়।
আটক শামীম রেজা আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন থানাপাড়ার মজিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। আলমডাঙ্গা থানার পিএসআই কুশল প্রসাদ মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। সে সময় সন্দেহভাজন হিসেবে শামীম রেজাকে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জব্দ করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় আলমডাঙ্গা থানায় একটি প্রসিকিউশন (নম্বর-১৪৬, তারিখ ৩০ অক্টোবর) দাখিল করা হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

