ইন্টারপোলের হাতে কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান, দেশে এনে বিচারের প্রস্তুতি দুদকের

আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থার (ইন্টারপোল) সহায়তায় কাতারের দোহায় গ্রেপ্তার হওয়া সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার তৎপরতা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে দুদক সচিব বলেন, ‘শনিবার (১৭ অক্টোবর) বিষয়টি অনানুষ্ঠানিকভাবে জানার পর রোববার নিশ্চিত হওয়া গেছে যে সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতার ও দোহায় ইন্টারপোল কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে অবস্থিত এনসিবি (NCB) শাখার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।’
শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিবরণ দিয়ে তিনি জানান, সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। একই সঙ্গে তিনি বিভিন্ন ব্যাংকিং চ্যানেলে ১৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকার অস্বাভাবিক লেনদেন ও বিদেশে অর্থপাচার করেছেন।
এসব ঘটনায় গত বছরের ২৭ জুলাই দুদকের ঢাকা-১ কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়। মামলাটিতে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সম্পদ ক্রোক ও পরবর্তী পদক্ষেপ
দুদক সচিব জানান, আসামির বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতের নির্দেশে শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রীর নামে থাকা যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকসহ অবরুদ্ধ করা হয়েছে এবং তা নিয়ন্ত্রণে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিদেশ গমনেও জারি রয়েছে নিষেধাজ্ঞা।
কমিশন আরও জানিয়েছে, বিদেশে হান্নানের কী পরিমাণ সম্পদ রয়েছে তা শনাক্ত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোতে চিঠি পাঠানো হয়েছে। আদালতের প্রয়োজনীয় আদেশ এবং কমিশনের অনুমোদন সাপেক্ষে তাঁকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

