জাপানে কর্মী পাঠানোর নতুন চুক্তি সই, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে

জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন দ্বার উন্মোচিত হলো। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে সেখানে কর্মী নিয়োগ শুরু হবে। প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি এই চুক্তির কার্যকারিতা শেষ হলে তা নিজে থেকেই আরও পাঁচ বছর বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ বা ইএসডিপি-এমওসি শীর্ষক এই চুক্তিটি চূড়ান্ত রূপ দিতে দুই দেশের মধ্যে প্রায় এক বছর ধরে আলোচনা চলে। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষর করেন। অপরদিকে জাপানের বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় পুলিশ সংস্থার প্রতিনিধিরা নিজ দেশের পক্ষে এতে সই করেছেন।
চুক্তির মূল উদ্দেশ্য হলো জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা ও কর্মপরিবেশের অধিকার সুরক্ষিত রাখা। পাশাপাশি উভয় দেশের মধ্যে দক্ষ জনশক্তি পাঠানোর প্রক্রিয়া আরও গতিশীল ও সহযোগিতাপূর্ণ করা।
এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানো হবে। এর ফলে কর্মীরা উচ্চ বেতন ও জাপানে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ পেতে পারেন।

