রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রাজধানীতে কড়া নিরাপত্তায় চলছে দুর্গাপূজা, প্রতিমা বিসর্জন ঘিরে সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম
রাজধানীতে কড়া নিরাপত্তায় চলছে দুর্গাপূজা, প্রতিমা বিসর্জন ঘিরে সতর্ক পুলিশ

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকায় জোরদার নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো মাঠে সক্রিয় থাকার পাশাপাশি সাইবার জগতেও নজরদারি বাড়ানো হয়েছে।

নিরাপত্তা প্রস্তুতি নিয়ে পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত পোশাকধারী সদস্যদের পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), সোয়াট, এসআরইউ ও বোম্ব ডিসপোজাল ইউনিট। তাদের সঙ্গে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও।

তিনি জানান, ঢাকা মহানগরে এবার সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়েই দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি সামাল দিতে পুলিশের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে উল্লেখ করে প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়া পর্যন্ত নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।

এসআরবি-৩ এর বাড়তি তৎপরতা

এদিকে পূজামণ্ডপ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া সংস্থাটির এই তৎপরতা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে জোরালো টহল, মোটরসাইকেল পেট্রোলিং ও সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি।

বুধবার দুপুরে এ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী। তিনি জানান, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। মণ্ডপে দর্শনার্থীদের যাওয়া-আসার পথ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার কার্যকারিতাও নিয়মিত তদারকি করা হচ্ছে।

নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল ও মোটরসাইকেল পেট্রোলিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশির জন্য ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রস্তুত রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রতিটি ক্যাম্পেই রাখা হয়েছে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স।

মাঠপর্যায়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গুজব কিংবা অপতথ্য ছড়ানো ঠেকাতে এসআরবি-৩-এর সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে। পূজা ঘিরে সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রেখে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...