বিমান চলাচল খাতে প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করছে: বিমানবাহিনী প্রধান

বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির ব্যবহার, যথাযথ প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব, আন্তঃসংস্থা সমন্বয় এবং দলগত কার্যক্রম ফ্লাইট সেফটি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপাদান।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ বিমানবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভবিষ্যৎ উপযোগী ফ্লাইট সেফটি সংস্কৃতি গড়ে তোলা এবং বিমান চলাচলের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬’।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, এবারের সেমিনারের মূল প্রতিপাদ্য-‘টেকনোলজি, ট্রেনিং অ্যান্ড টিমওয়ার্ক: ক্রিয়েটিং আ ফিউচার-রেডি সেফটি মাইন্ডসেট’। অর্থাৎ প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ উপযোগী নিরাপত্তাবিষয়ক মানসিকতা গড়ে তোলা।
বিমানবাহিনী প্রধান ফ্লাইট সেফটি ব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত কার্যক্রমের সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

