তাহসিফের মৃত্যুর ঘটনার ‘আসল সত্য’ উদ্ঘাটন চায় রাওয়া

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনার ‘আসল সত্য’ উদ্ঘাটনের আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা ‘রাওয়া’।
শনিবার (৩১ অক্টোবর) উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান রাওয়ার নেতৃবৃন্দ।
এ সময় তারা তাহসিফের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি এ ঘটনায় করণীয় ও এ বিষয়ে তাদের কোনো সহায়তা লাগবে কি না জানতে চেয়েছেন রাওয়া নেতৃবৃন্দ।
পরিবারের সঙ্গে সাক্ষাতের পর রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, ‘এ অবস্থার মধ্যে পরিবারের অনেক কিছু করার থাকলেও হয়তো করতে পারে না। আমরা তার কাছে জিজ্ঞাসা করেছি কী কী করার আছে, আমরা কী ধরনের সাহায্য করতে পারি।’
তিনি বলেন, ‘তাহসিফের বাবা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এটার অনুসন্ধান করছেন। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ তারা অনুসন্ধান করছে।’
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসারদের কাছে তাহসিফের মৃত্যুকে ‘কষ্টকর’ উল্লেখ করে সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করি, খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদ্ঘাটন হবে।’
খুশরিদ আলম বলেন, ‘দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছে অতি সত্বর সত্য উদ্ঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
একইসঙ্গে রাওয়ার তরফে তাহসিফের শোক সন্তপ্ত পরিবারের পাশে থেকে সব প্রকার সহযোগিতা দেওয়ার কথা বলেছেন তিনি।

