সিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, কী আছে এতে

নিবন্ধন ও নবায়ন ফি কত
নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া প্রতিটি অটোরিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা। নিবন্ধন বা নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সড়কে চলাচল করতে পারবে না।
একটি জাতীয় পরিচয়পত্রে পাঁচটি অটোরিকশা
একজন ব্যক্তি তাঁর একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত প্রতিটি অটোরিকশায় কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বর প্লেট থাকতে হবে। প্লেটটি এমন দৃশ্যমান স্থানে রাখতে হবে, যাতে সহজেই শনাক্ত করা যায়।
বিধিমালায় অটোরিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল বা ইকোনমিক লাইফটাইম নির্ধারণ করা হয়েছে ১২ বছর। এই সময়সীমা পার হলে সংশ্লিষ্ট অটোরিকশার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

