অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, যে সব সহিংস ঘটনা বিগত কয়েক দিনে সংঘটিত হয়েছে, কয়েক সপ্তাহ যাবৎ সংঘটিত করার চেষ্টা করা হচ্ছে। সড়ক-মহাসড়ক অবরোধ করে, আগুন জ্বালিয়ে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের পেছনে যারা ইন্ধন দিচ্ছে, তারা চিহ্নিত হয়েছে। দুঃখজনক হলো, এখানে কিছু শিল্প ও মিল মালিকরা জড়িত আছেন। কিছু শ্রমিক সংগঠনের ব্যানারে- যারা শ্রমিকদের কল্যাণ চায় কি না প্রশ্নবিদ্ধ, সেসব লোক অস্থিরতা সৃষ্টি করেছে। সহিংসতা সৃষ্টি করেছে।
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত, আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা গতকাল এ ধরনের কিছু ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
সরকার শিল্পবান্ধব জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগ ও বাণিজ্যবান্ধব। রপ্তানি বৃদ্ধি, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেব। একই সঙ্গে সরকার কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিকদের কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
এতে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়া তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

