‘শেখ হাসিনা ট্রাভেল পাসের আবেদন করলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে’

পাসপোর্ট বিষয় নয় জানিয়ে তিনি বলেন, এখন তার পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। তিনি আসার যোগ্য। তিনি যদি আসার সিদ্ধান্ত নেন বা আমাদের যদি তাকে ধরে আনার প্রক্রিয়া করতে হয়, সেটি পাসপোর্টের প্রশ্ন নয়।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নিতে চায় সরকার। এ জন্য যে প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা প্রয়োজন হবে, তা অনুসরণ করা হবে।
শেখ হাসিনা ট্রাভেল পাস চাইলে সরকার তা দেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হলেও এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিক। তিনি দেশে ফিরতে চাইলে সরকার কী পদক্ষেপ নেবে, তা পরিস্থিতি তৈরি হলে বিবেচনা করা হবে। তিনি চাইলে সরকার কী করবে, সেটা আমরা সময় হলে বুঝব। তিনি আসুন অথবা তাকে আমরা ধরে নিয়ে আসি, আমাদের চাওয়া তো একই। যদি এটার সঙ্গে মিলে যায়, সরকার সে অনুযায়ী যেকোনো পদক্ষেপ নিতে পারে।
তবে শেখ হাসিনা ট্রাভেল পাসের আবেদন করলে সরকার কী সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে আগাম কিছু বলতে চাননি উপদেষ্টা।

