যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে রাজনৈতিক পোস্টার ও ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে। পরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইত্যাদি বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এ সময় দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ পাল্টাপাল্টি স্লোগান চলে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, নিউইয়র্কে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে সামনে রেখে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানান। এরই মধ্যে কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত হয় বলে স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন।
অভিযোগের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে মিছিল বের করেন। এতে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি আতিকুল হক আহাদ বলেন, বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে পাল্টাপাল্টি স্লোগান হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে নিজেদের কর্মসূচি পালন করেন। দলটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ ও যুবলীগ নেতা মিজানসহ কয়েকজন নেতাকে সেখানে দেখা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন, তারা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর বক্তব্যের সময় নিউইয়র্কে বিক্ষোভ কর্মসূচি পালনের কথাও জানিয়েছেন তাঁরা।
এদিকে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে জ্যাকসন হাইটসসহ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় তাঁদের ব্যানার-পোস্টার দেখা গেছে। সফরকে ঘিরে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভাও হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেবেন এবং ২৪ সেপ্টেম্বর অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, তাঁদের ব্যানার ছেঁড়ার অভিযোগের প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ মিছিল বের করেছিলেন। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন। খবর পেয়ে নিউইয়র্ক সিটি পুলিশের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


