রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ না

খাবার খাওয়ার সময় একটু এদিক-সেদিক হলেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। বিশেষ করে মিষ্টি, সাদা ভাত, পাউরুটি বা কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খেলে এমনটা হতে পারে। তবে রক্তে শর্করার এই সাময়িক বৃদ্ধি বা ব্লাড সুগার স্পাইক নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। কেউ কেউ নিয়মিত ব্লাড সুগার মাপছেন, আবার অনেকে স্পাইক এড়াতে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেটই বাদ দিয়ে দিচ্ছেন।
তবে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ মানুষের ক্ষেত্রে খাবারের পর রক্তে শর্করার সাময়িক বৃদ্ধি নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। এটি শরীরের স্বাভাবিক একটি প্রক্রিয়া। ব্লাড সুগার বাড়লেই তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমন ধারণার পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। বরং রক্তে শর্করার মাত্রা দীর্ঘ সময় ধরে বেশি আছে কি না, সেদিকে খেয়াল রাখাই বেশি গুরুত্বপূর্ণ।
খাবার খেলে রক্তে শর্করা বাড়ে কেন?
সবসময় সব ধরনের খাবার খেলেই যে রক্তে শর্করা বাড়বে তা কিন্তু না। আমরা যখন চিনি, মিষ্টি, ফল বা কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খাই, তখন হজমের সময় এসব খাবারের শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ রক্তে মিশে যাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা সাময়িকভাবে বেড়ে যেতে পারে।
এ সময় অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজ শরীরের কোষে পৌঁছে দিতে সাহায্য করে। কোষগুলো এই গ্লুকোজ শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করে। খাবার ছাড়াও অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা উচ্চমাত্রার ব্যায়াম করলেও রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে পারে। এ সময় অ্যাড্রেনালিনের মতো হরমোন যকৃৎকে রক্তে অতিরিক্ত গ্লুকোজ ছাড়তে সংকেত দেয়। এতে ব্যায়ামের সময় পেশি প্রয়োজনীয় শক্তি পায়।
সুস্থ মানুষের ক্ষেত্রে ব্লাড সুগার স্পাইক কি স্বাভাবিক?
বিশেষজ্ঞদের মতে, সুস্থ মানুষের ক্ষেত্রে খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বাড়া শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় একটি প্রতিক্রিয়া। সাধারণত খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর রক্তে গ্লুকোজের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর পরবর্তী দুই ঘণ্টার মধ্যে তা আবার স্বাভাবিক মাত্রার কাছাকাছি ফিরে আসে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের পুষ্টি ও ডায়েটেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক অ্যাড্রিয়ান ব্রাউনের মতে, প্রতিটি গ্লুকোজ স্পাইক ক্ষতিকর, এমন ধারণা ভুল। সুস্থ ব্যক্তির ক্ষেত্রে খাবারের পর অল্প সময়ের জন্য রক্তে শর্করা বাড়লে সাধারণত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
তবে রক্তে শর্করার মাত্রা দীর্ঘ সময় ধরে উঁচু থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এটি শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা বা ইনসুলিন রেজিস্ট্যান্সের ইঙ্গিত হতে পারে।
কখন রক্তে শর্করার বৃদ্ধি চিন্তার কারণ?
ইনসুলিন রেজিস্ট্যান্স হলে শরীরের কোষ ইনসুলিনের প্রতি আগের মতো সাড়া দিতে পারে না। ফলে রক্তের গ্লুকোজ সহজে কোষে প্রবেশ করতে পারে না এবং রক্তে শর্করার মাত্রা বেশি থাকতে পারে।
দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলে প্রিডায়াবেটিস ও টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করা দীর্ঘ সময় অনিয়ন্ত্রিত থাকলে স্নায়ু ও চোখের ক্ষতি, হৃদরোগ ও স্ট্রোকের মতো জটিলতা দেখা দিতে পারে।
তবে অতিরিক্ত গ্লুকোজ সরাসরি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আরও গবেষণার প্রয়োজন আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলা গেসের মতে, শরীরের প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি গ্রহণ করলে অতিরিক্ত শক্তি চর্বি হিসেবে জমতে পারে। এতে ওজন বাড়ে, যা টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকির অন্যতম কারণ।

