এইচএসসিতে ঢাকা কলেজে পাশের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ, ৬৮৮টি জিপিএ-৫

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা কলেজে মোট ১ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন। প্রতিষ্ঠানটিতে এবার পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষও নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৮৬১ জন, এর মধ্যে পাস করেছে ৮৫৪ জন ও জিপিএ-৫ পেয়েছে ৬৪১ জন। মানবিক থেকে ১৪৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪৬ জন, আর জিপিএ-৫ পেয়েছে ১২ জন পরীক্ষার্থী।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।
ফলাফলে অনুভূতি প্রকাশ করে ঢাকা কলেজ শিক্ষার্থী নাজমুস সালেকিন রাইয়্যান বলেন, বিগত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষা তুলনামূলক অনেক কঠিন ছিল। এরপরও এ প্লাস অর্জন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগের বছরগুলোতে পরীক্ষাকেন্দ্রে যেভাবে নজরদারি করা হতো, এবার তার তুলনায় অনেক বেশি কঠোর নজরদারি ছিল। এর পাশাপাশি বন্যার সময় আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে আমরা বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম।

