জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার সেই ফাইয়াজ

জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ফাইয়াজকে আসামি করা হয়। ওই বছরের ২৪ জুলাই রাতে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তার বয়স ছিল ১৭ বছর।
২৭ জুলাই ফাইয়াজকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রথমে রিমান্ড মঞ্জুর করলেও পরদিন জন্মনিবন্ধন সনদ ও এসএসসি পরীক্ষার সনদ উপস্থাপনের মাধ্যমে তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। পরে শিশু আদালত রিমান্ডের আদেশ বাতিল করে তাকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে হাজির করার সময় ফাইয়াজের হাতে হাতকড়া ও দড়ি বাঁধা অবস্থার ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে এভাবে আদালতে হাজির করার ঘটনায় দেশজুড়ে সমালোচনা হয়। এ ঘটনায় শিশু অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে। পরবর্তী সময়ে ২০২৫ সালের জুলাইয়ে যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলার তদন্তে ফাইয়াজের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করে তদন্তকারী সংস্থা। আদালত তদন্তের অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করলে ওই মামলা থেকে অব্যাহতি পান তিনি।

