ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলকভাবে খারাপ হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার রাতে বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩-সহ মোট জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ-৭। অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০-সহ মোট জিপিএ-৭ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৭ দশমিক ৫০।
তবে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ‘বি’ ইউনিটের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত শিথিলের সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি উপকমিটির সিদ্ধান্ত বহাল রেখেছে ভর্তি কমিটি। সে অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু হবে।

