ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে তাকে গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে মোহাম্মদ রুহুল কবীর খানকে এ পদে দায়িত্ব দেওয়া হলো। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রশাসনিক কারণে গুলশান বিভাগের তৎকালীন ডিসি এম তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। একই দিনে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও সদর দপ্তরে বদলি করা হয়।
ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা পৃথক দুটি অফিস আদেশে তাদের নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়। এর কয়েক দিন আগে রাজধানীর গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনা ঘটে।
নতুন দায়িত্ব পাওয়া মোহাম্মদ রুহুল কবীর খান এখন গুলশান বিভাগের পুলিশি কার্যক্রমের নেতৃত্ব দেবেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট থানাগুলোর কার্যক্রম তদারকির দায়িত্ব থাকবে তার ওপর।


