লোগো
Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম
Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা। তার বাবার নাম হারুন অর রশিদ।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, রাসেল নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কুয়াকাটার সি স্টার হোটেলের ৩৯ নম্বর কক্ষ ভাড়া নেন। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি বিকাশের দোকানে ৩০ হাজার টাকা রিচার্জ করেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, রাসেল ৪৪তম বিসিএসের গেজেটে থাকা ২৩২ নম্বর ব্যক্তির নাম পরিবর্তন করে নিজের নামের সঙ্গে মিলিয়ে ‘মো. রাসেল হাওলাদার’ করেন। এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়োগপত্রও জাল করার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

আরও সংবাদ লোড হচ্ছে...