লোগো
Advertisement

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক-ডায়াগনস্টিকের অনুমোদন নয়

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
Advertisement

সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ন্ত্রিত বিস্তার ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমোদন দেওয়া হবে না।

একই সঙ্গে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে আগে থেকেই চালু থাকা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সই করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মানোন্নয়নবিষয়ক সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সভার কার্যবিবরণীর ৩ নম্বর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

নির্দেশনায় সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমোদন না দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ওই সীমার মধ্যে আগে থেকে থাকা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকারি চিকিৎসকদের রোগী দেখার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গৃহীত পদক্ষেপের বিষয়ে দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে জানাতেও বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ নির্দেশনার ফলে সরকারি হাসপাতালকেন্দ্রিক বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর অনুমোদন ও সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ হলো।

আরও সংবাদ লোড হচ্ছে...