লোগো
Advertisement

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান, স্মরণ করলেন গোয়ালিয়রের সেই ‘সাধারণ ছেলেটিকে

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম
Advertisement

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জমকালো আয়োজন বসেছে গুজরাটের একতানগর কেভাডিয়ায়। দিল্লির বাইরে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে ভারতের বিভিন্ন রাজ্যে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে গুজরাট থেকেই শুরু হলো নতুন এই যাত্রা।

চলতি বছরের ১৮ জুলাই ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তিনটি জুরি বোর্ডের চেয়ারম্যানরা সেদিন বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করেন।

এবারের আয়োজনে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘রজত কমল’ ও সম্মাননা সনদ গ্রহণ করেন তিনি।

কবির খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় ভারতের প্রথম প্যারাঅলিম্পিক স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ মুরলিকান্ত পেটকরের চরিত্রে অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন কার্তিক। চরিত্রটির জন্য শারীরিকভাবে নিজেকে আমূল বদলে ফেলেছিলেন এই অভিনেতা। সিনেমাটি মুক্তির পর তার অভিনয় ও শারীরিক পরিবর্তন দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়।

পুরস্কার হাতে পাওয়ার পর আবেগ সামলাতে পারেননি কার্তিক। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। সেখানে গোয়ালিয়রের সেই সাধারণ ছেলেটির কথা স্মরণ করেন, যে একদিন অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিল।

কার্তিক লেখেন, গোয়ালিয়রের সেই ছেলেটির দিকে আজ তিনি পেছন ফিরে হাসিমুখে তাকাচ্ছেন। এমন এক পরিবেশ থেকে তার অভিনয়ের স্বপ্নের শুরু, যেখানে এ ধরনের স্বপ্ন শুনে অনেকেই হাসতেন। অবশেষে সেই স্বপ্ন পূরণের মুহূর্তের সাক্ষী হতে পেরে আনন্দ ও উত্তেজনায় তিনি অভিভূত বলেও জানান।

‘চান্দু চ্যাম্পিয়ন’-এ মুরলিকান্ত পেটকরের চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য পরিচালক কবির খান ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রতি কৃতজ্ঞতা জানান কার্তিক। তার ভাষায়, ভারতের প্রথম প্যারাঅলিম্পিক স্বর্ণপদকজয়ী এই ক্রীড়াবিদের জীবন পর্দায় তুলে ধরার দায়িত্ব পাওয়াটা তার জন্য বড় সম্মানের।

অভিনেতা আরও লিখেছেন, এই পথচলা ছিল কঠিন; তবে শেষ ফলাফল ছিল ‘রসমালাইয়ের মতো মিষ্টি’। পুরস্কার পাওয়ার পর নিজেকে একই সঙ্গে বিনয়ী ও আবেগপ্রবণ মনে হচ্ছে বলেও জানান তিনি।

কার্তিক তার এই অর্জন ভারতের প্রতিটি প্যারাঅলিম্পিয়ানের প্রতি উৎসর্গ করেছেন।

‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় মুরলিকান্ত পেটকরের জীবনসংগ্রাম ও ক্রীড়া সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। চরিত্রটির জন্য কার্তিকের কঠোর শারীরিক প্রস্তুতি এবং অভিনয় সিনেমাটির অন্যতম আলোচিত দিক হয়ে উঠেছিল।

আরও সংবাদ লোড হচ্ছে...