দেশের বৃহত্তর স্বার্থ এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে গত জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর একটি সাংগঠনিক অনুষ্ঠানে যোগ দেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে ‘বুকে পাথর চাপা দিয়ে’ গত জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে জামায়াতে ইসলামী। তার দাবি, ওই নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেই এ বিষয়ে তারা জানতে পেরেছেন বলে জানান তিনি।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ থেকে সরে গেছে। একই সঙ্গে সরকারকে সহযোগিতা করে এলেও জামায়াতে ইসলামীর প্রতি রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করে আসছে। কিন্তু সরকার এটিকে আমাদের দুর্বলতা হিসেবে দেখছে। এ কারণে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে।’
অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার জামায়াতে ইসলামীর সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত নির্বাচনের ফল বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার
সারাদেশ থেকে আরও পড়ুন


