শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাবসহ মুখ সম্পূর্ণ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করেছে ইতালি সরকার। একই সঙ্গে দেশটির স্কুলের শ্রেণিকক্ষে বিদেশি বা অ-ইতালীয় ভাষাভাষী শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি ডিক্রি-আইন অনুমোদন করেছে। নতুন বিধান অনুযায়ী, নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।
ডিক্রি-আইন হিসেবে অনুমোদিত হওয়ায় নতুন বিধান তাৎক্ষণিকভাবে কার্যকর করার সুযোগ রয়েছে। তবে আইনটি বহাল রাখতে আগামী ৬০ দিনের মধ্যে দেশটির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।
গত রোববার মেলোনির রাজনৈতিক দল ‘ব্রাদার্স অব ইতালি’ (এফডিআই)-এর যুব সম্মেলনে প্রথমবারের মতো এসব পরিকল্পনার কথা প্রকাশ্যে আসে। পরে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মেলোনি সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ইতালীয় ভাষা শেখার সুযোগ নিশ্চিত করা এবং স্কুলে বোরকা ও নিকাবের ব্যবহার বন্ধের উদ্যোগ ‘সাধারণ বুদ্ধিপ্রসূত’ এবং ঐক্যের প্রতীক।
মেলোনির ভাষ্য, ইতালি এমন একটি শিক্ষাব্যবস্থা ধরে রাখতে চায়, যেখানে নিয়ম ও শিক্ষাব্যবস্থার মান বজায় রেখেই বিদেশি শিক্ষার্থীদের সমাজের মূলধারায় যুক্ত করা হবে।
নতুন নীতিমালায় মূলত শিক্ষার্থীদের ইতালীয় ভাষা শেখার সুযোগ বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একীভূত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বোরকা-নিকাব নিষেধাজ্ঞা ও বিদেশি শিক্ষার্থীর ৩০ শতাংশ সীমা নিয়ে দেশটিতে নতুন করে আলোচনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


