লোগো
Advertisement

দেশে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২

নিজস্ব প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
Advertisement

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী ভর্তি হন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৯৪ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭১ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৬৪ জন, চট্টগ্রামে ২৮৮, খুলনায় ২৮৬, ময়মনসিংহে ১০৮, রাজশাহীতে ১৩০, রংপুরে ৭৩ এবং সিলেট বিভাগে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ৭৫৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ১৪৯ জন। তাদের মধ্যে ৬৩ হাজার ৮৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে।

চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মারা গেছেন ১১৩ জন। মাসের হিসাবে এটিই চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছরই এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সে সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

আরও সংবাদ লোড হচ্ছে...