লোগো
Advertisement

চুয়াডাঙ্গার কৃতি সন্তান হাসানুজ্জামান হাসান সহকারী জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
Advertisement

চুয়াডাঙ্গার সদর উপজেলার তেঘরি গ্রামের কৃতি সন্তান মো. হাসানুজ্জামান হাসান ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসানুজ্জামান হাসান তেঘরি গ্রামের প্রবাসী মোহাম্মদ সিদ্দিক আলী ও মোছাম্মদ ময়না খাতুনের সন্তান। শৈশব থেকেই তিনি পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত ছিলেন।

তিনি খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে (এলএলবি) স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে দীর্ঘদিনের প্রস্তুতি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সফলতা অর্জন করে সহকারী জজ হিসেবে নিয়োগ লাভ করেন।

তাঁর এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো তেঘরি গ্রাম এবং চুয়াডাঙ্গা জেলার জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর এই সাফল্য জেলার তরুণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বিচার বিভাগে ক্যারিয়ার গড়তে নতুন করে অনুপ্রাণিত করবে।

চুয়াডাঙ্গা ডট নেট পরিবারের পক্ষ থেকে মো. হাসানুজ্জামান হাসানকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ন্যায়, সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁর কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা।

আরও সংবাদ লোড হচ্ছে...