লোগো
Advertisement

কালীগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ২০-২৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
Advertisement

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা বাজারে একটি স্বর্ণের দোকানের শাটার ও লকার ভেঙে নগদ টাকা, স্বর্ণ ও রুপার অলংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ‘তৃষ্ণা জুয়েলার্স’ নামের দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে লুট হওয়া মালামালের মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন দোকান মালিক।

দোকান মালিক কালিদাস স্বর্ণকার জানান, শনিবার রাতে প্রতিদিনের মতো বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে বাজারে এসে দোকানের সামনে পৌঁছে শাটার ও তালা ভাঙা দেখতে পান। পরে দোকানের ভেতরে ঢুকে লকারও ভাঙা অবস্থায় দেখতে পান তিনি।

কালিদাসের ভাষ্য, চোরেরা লকার ও ক্যাশবাক্স ভেঙে নগদ টাকার পাশাপাশি দোকানে থাকা স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে গেছে। এর মধ্যে আনুমানিক ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার রয়েছে। লুট হওয়া স্বর্ণের একটি অংশ তার নিজের, আর বাকি অংশ বিভিন্ন গ্রাহকের বন্ধক রাখা গয়না।

দোকান মালিক বলেন, তাঁর নিজের প্রায় ৫ থেকে ৭ ভরি স্বর্ণ ছিল। বাকি স্বর্ণ গ্রাহকদের বন্ধকী। চুরির পরিমাণের পূর্ণাঙ্গ হিসাব এখনো করা সম্ভব হয়নি। হিসাব শেষ হলে মোট ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

নাইটগার্ড থাকা সত্ত্বেও চুরি

নলতা বাজারের মতো ব্যস্ত একটি বাজারের কেন্দ্রস্থলে এবং নৈশপ্রহরী থাকার পরও কীভাবে এত বড় চুরির ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ দোকান ও আশপাশের এলাকা পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। নৈশপ্রহরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরির ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।

ওসি আরও জানান, এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...