লোগো
Advertisement

প্রাথমিকের শিক্ষক নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি, যা জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম
Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেউ আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও হতাশ হওয়ার কারণ নেই। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

পোস্টে মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সরকারের নজরে এসেছে।

তিনি বলেন, আগামী ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে।

মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। নিয়োগের আগে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র হাতে না পাওয়া নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে অযথা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও সংবাদ লোড হচ্ছে...