লোগো
Advertisement

দুর্যোগে মেয়েদের পড়াশোনা বন্ধ হলে বাড়ে বাল্যবিয়ের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম
Advertisement

বন্যাসহ জলবায়ুজনিত বিভিন্ন দুর্যোগে মেয়েদের শিক্ষাজীবন ব্যাহত হলে বাল্যবিয়ের ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা এবং পারিবারিক সংকটের কারণে অনেক পরিবার মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে দুর্যোগের মধ্যেও মেয়েদের পড়াশোনা অব্যাহত রাখার সুযোগ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, বন্যার সময় অনেক মেয়ে নিয়মিত স্কুলে যেতে পারে না। দুর্যোগের প্রভাবে দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকলে তাদের বিয়ের প্রস্তাব আসতে থাকে। একপর্যায়ে কিছু পরিবার সেই প্রস্তাবে সম্মতি দেয়।

তাঁর মতে, বাল্যবিয়ের অন্যতম বড় ক্ষতি হলো মেয়েদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়া। দীর্ঘ সময় স্কুলের বাইরে থাকলে পড়াশোনায় ফিরে আসার সুযোগ কমে যায়। এতে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের সম্ভাবনাও সংকুচিত হয়।

অধ্যাপক শাহ মো. আতিকুল হক বলেন, দুর্যোগের সময় মেয়েদের শিক্ষা অব্যাহত রাখার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সংকটে পড়া পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে, যাতে আর্থিক ও সামাজিক চাপের কারণে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে না যায়।

তিনি আরও মনে করেন, মেয়েদের জন্য শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। এতে মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে পরিবারের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং বাল্যবিয়ের ঝুঁকি কমানো সম্ভব হতে পারে।

আরও সংবাদ লোড হচ্ছে...