ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক বিরোধের জেরে গোলাম রহমান (জামাই) নামে এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, কুড়ালের আঘাতে গুরুতর আহত হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গোলাম রহমানের মৃত্যু হয়।
নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদা নাইড়ি পাড়ার কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন গোলাম রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এরই জেরে মঙ্গলবার ভোরে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
আহত গোলাম রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে জানানো যাবে।
ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের পেছনের পরিস্থিতি জানতে তদন্ত করছে পুলিশ।

