গোপালগঞ্জে কর্তব্যরত গ্রাম পুলিশকে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানের চড়

গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্বরত এক গ্রাম পুলিশকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রানা মোল্লার বিরুদ্ধে। ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ।
ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করা নাজিম জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ ভবনে দায়িত্ব পালন করছিলেন। সে সময় চেয়ারম্যান রানা মোল্লা তার কাছে এসে আরেক গ্রাম পুলিশ সদস্য দেলোয়ার চকিদারের খোঁজ নেন। দেলোয়ার স্কুলে টিপ মারতে গেছেন বলে জানালে কোনো কিছু বোঝার আগেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজনের সামনেই তাকে সজোরে থাপ্পড় মারেন।
পোশাক পরা অবস্থায় সরকারি দায়িত্ব পালনকালে গ্রাম পুলিশকে চড় মারার এই ঘটনার একটি ভিডিও মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয় এবং ব্যাপক আলোচনা তৈরি করে।

