কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, নিখোঁজ শিক্ষার্থী নিবিড়ের সন্ধানে তল্লাশি

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া পর্যটকদের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিবিড় নামের এক তরুণ এখনও নিখোঁজ রয়েছেন।
সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, গত ১৮ অক্টোবর ঢাকার উত্তরা এলাকা থেকে সাত বন্ধু মিলে বান্দরবানে বেড়াতে যান। পাহাড়ে দুদিন ঘুরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কক্সবাজারে এসে পৌঁছান। এরপর হিমছড়ির প্যাঁচারদ্বীপ জাদুঘরসংলগ্ন একটি রিসোর্টে ওঠেন তাঁরা।
ঘটনার বর্ণনা দিয়ে মাহবুব আলম বলেন, রিসোর্টে খাওয়াদাওয়া শেষে বিকেল চারটার দিকে সাত বন্ধুই সাগরে গোসল করতে নামেন। তবে তাঁদের মধ্যে কেউ সাঁতার জানতেন না। ওই সময় সৈকতে আরও কয়েকজন পর্যটক গোসল করছিলেন। একপর্যায়ে দুজনকে পানিতে তলিয়ে যেতে দেখে বাকি বন্ধুরা তাঁদের উদ্ধারে এগিয়ে যান। তখনই সমুদ্রের তীব্র স্রোতের মুখে পড়ে সবাই ভেসে যেতে থাকেন। তাঁদের এমন বিপদে পড়তে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন।
এদিকে নিহত শিক্ষার্থীদের বিষয়ে হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, স্বজনদের তথ্যের ভিত্তিতে জানা গেছে নিহত সাইবুল হক জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে আল মাহিবুর ইবনে মোকাররম পড়তেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএতে। মাহিবুর ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মোকাররম হোসেনের ছেলে।

