নাগরিক সেবায় অবহেলা করলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড প্রতিনিধিরা এলাকার জলাবদ্ধতা, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতির সমস্যা এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে ভোগান্তির কথা তুলে ধরেন। প্রশাসক এসব অভিযোগ ও পরামর্শ শোনেন এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের কাছে সমস্যাগুলোর ব্যাখ্যা চান।
আবদুস সালাম বলেন, ‘কর্মকর্তাদের কাছে আপনারা জানতে চাইবেন, কেন নির্দিষ্ট জায়গায় সড়কবাতি জ্বলছে না, কেন এলাকায় দুর্গন্ধ হচ্ছে। এসব প্রশ্নের জবাব দেওয়ার জন্যই তাদের এখানে আসতে হবে। সমস্যাগুলো তুলে ধরলে সংশ্লিষ্ট প্রকৌশলী, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও সড়কবাতির দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আসতে হবে।
আবদুস সালাম বলেন, প্রতিটি ওয়ার্ডে উন্নয়নকাজ পরিচালনার ক্ষেত্রে সিটি করপোরেশনের অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। তারপরও প্রতিটি ওয়ার্ডে কিছু উন্নয়নকাজ করার চেষ্টা করা হবে। পর্যায়ক্রমে অন্য সমস্যাগুলোরও সমাধান করা হবে। একই ওয়ার্ডের সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়।
জলাবদ্ধতা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, নিউমার্কেট, গ্রিন রোডসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতার সমস্যা আগে থেকেই রয়েছে। গত ১৭ থেকে ২০ বছরে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধানে সময় প্রয়োজন।

