আদালতে পুলিশ কর্মকর্তাকে আসামির জুতা নিক্ষেপ

সাতক্ষীরায় আদালতে শুনানি চলাকালে পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন আসামি রেজাউল ইসলাম (৪৮)। সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে এ ঘটনা ঘটে।
রেজাউল ইসলাম কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকতুল্লাহর ছেলে।
সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হোসেন এশিয়া পোস্টকে জানান, একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল আরিফ নিশাত তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি চাইতে আদালতে দাঁড়ান। পরে তিনি কাঠগড়া থেকে নামার পর রেজাউল তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।
পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন বলেন, রেজাউলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে এ ধরনের আচরণের জন্য তার বিরুদ্ধে বিচারক কোনো আইনগত ব্যবস্থা নেবেন কি না, তা পরে জানা যাবে।
এসময় রেজাউল দাবি করেন, তিনি আট-নয় মাস ধরে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা পরিচালনার আর্থিক সামর্থ্যও তার নেই।

