সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বৈঠকেও কাটেনি সাজেকের সংকট, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম
বৈঠকেও কাটেনি সাজেকের সংকট, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

সাজেকের চলমান সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হলেও সমাধান আসেনি। পাঁচ দফা দাবি পূরণে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সাজেক গণঅধিকার আন্দোলনের আহ্বায়ক বাবুধন চাকমা।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে সাজেক গণঅধিকার আন্দোলনের ফেসবুক পেজে এক লাইভে তিনি এ ঘোষণা দেন।

বাবুধন চাকমা বলেন, তাদের পাঁচ দফা দাবির মধ্যে চারটি মেনে নেওয়ার কথা জানিয়েছে সরকার। তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গোষ্ঠীকে এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে সরকার প্রথমে এক মাস সময় চেয়েছিল। আন্দোলনকারীরা তিন দিন সময় দিতে রাজি হলেও পরে সরকার ৫ নভেম্বর পর্যন্ত সময় চায়। আন্দোলনকারীরা এ ক্ষেত্রে আরও পাঁচ দিন সময় দিতে সম্মত হন। কিন্তু সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় তারা অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, সরকার চাইলে এক দিনের মধ্যেই সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সরকারের ইতিবাচক মনোভাবের অভাবে বিষয়টি দীর্ঘায়িত হচ্ছে বলে তাদের মনে হয়েছে। তাই চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। সরকার আবার আলোচনায় বসতে চাইলে তারা তাতে রাজি আছেন।

বাবুধন চাকমার অভিযোগ, অতীতে সরকার এক দিনের মধ্যে এ ধরনের সমস্যার সমাধান করেছে। এবার আন্দোলনকারীরা একাধিকবার সময় দেওয়ার পরও তাদের দাবি পূরণে গড়িমসি করা হচ্ছে। তিনি দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

এর আগে সোমবার বিকেল ৩টার দিকে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সাজেকের উজোবাজারে যায়। এ সময় তারা ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করে। পরে বাজারের কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারের সামনে আলোচনা সভায় অংশ নেয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...