ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সংখ্যালঘু ভোট কি নির্ধারণ করবে জয়-পরাজয়

স্থানীয় সূত্রের দাবি, হিন্দু-অধ্যুষিত কয়েকটি কেন্দ্রে আগের নির্বাচনে বিএনপির উল্লেখযোগ্য সমর্থন ছিল। সদর উপজেলার ধন্দগাঁও প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব বেগুনবাড়ি বিডি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অতীতে ধানের শীষ প্রতীকে উল্লেখযোগ্য ভোট পড়েছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এবারও ওই ভোট ধরে রাখতে চায় বিএনপি। অন্যদিকে, এসব কেন্দ্রে নিজেদের সমর্থন বাড়াতে প্রচার চালিয়েছে জামায়াতে ইসলামী।
নির্বাচনের পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ও জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা, কঠোর নিরাপত্তাব্যবস্থা
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট গ্রহণের আগে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

