সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চেহারা দেখে কি শরীরে আয়রনের ঘাটতি শনাক্ত করা সম্ভব, চিকিৎসকেরা কী বলছেন

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম
চেহারা দেখে কি শরীরে আয়রনের ঘাটতি শনাক্ত করা সম্ভব, চিকিৎসকেরা কী বলছেন

‘ফেরিটিন ফেস’ নামে একটি বিষয় নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। অনেকেই দাবি করছেন যে, চেহারা দেখেই নাকি বলে দেওয়া সম্ভব কারও শরীরে আয়রন বা ফেরিটিনের মাত্রা কমে গেছে কি না।

কিন্তু চিকিৎসকরা ভিন্ন কথা বলছেন। এটি কোনো অফিশিয়াল মেডিকেল টার্ম বা রোগ না। তবে আমাদের শরীরে আয়রনের ঘাটতি হলে তার প্রভাব শরীরের ভেতরের পাশাপাশি বাইরে অর্থাৎ চামড়া, চুল বা চেহারায়ও পড়তে পারে।

চলুন, বিষয়টি বিস্তারিত নিয়ে জানা যাক-

ফেরিটিন আর আয়রন কি একই?

আয়রন এমন একটি খনিজ যা আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এই হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে পৌঁছে দেয়। অন্যদিকে, ফেরিটিন হলো একটি বিশেষ প্রোটিন, যা শরীরে অতিরিক্ত আয়রনকে জমা করে রাখে। শরীরে যখনই আয়রনের প্রয়োজন হয়, এই সঞ্চয় থেকেই তা সরবরাহ করা হয়।

শরীরে আয়রনের মাত্রা মাপা হয় ‘ফেরিটিন ব্লাড টেস্ট’ এর মাধ্যমে। মজার ব্যাপার হলো, রক্তে হিমোগ্লোবিন পুরোপুরি ঠিক থাকার পরও কিন্তু আপনার শরীরের ভেতরের আয়রনের সঞ্চয় বা ফেরিটিন কমে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘আয়রন ডেফিসিয়েন্সি উইথআউট অ্যানিমিয়া’।

‘ফেরিটিন ফেস’ বলতে কী বোঝানো হয়?

সোশ্যাল মিডিয়ায় যে ‘ফেরিটিন ফেস’-এর কথা বলা হচ্ছে, তাতে মূলত মুখের কিছু বিশেষ পরিবর্তনের কথা বোঝানো হয়। যেমন-

চোখের নিচে কালি: চোখের নিচের চামড়া এমনিতেই খুব পাতলা হয়। আয়রন কম থাকলে বা ক্লান্তিতে সেই কালচে ভাবটা আরও বেশি ফুটে ওঠে।

ফ্যাকাশে ত্বক:রক্তে পর্যাপ্ত লাল রক্তকণিকা না থাকলে মুখের স্বাভাবিক রক্তিম ভাব কমে যায়। ত্বক দেখতে কেমন যেন ফ্যাকাশে লাগে।

ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে যাওয়া: মুখে ভালো ময়েশ্চারাইজার মেখেও যদি চামড়া শুষ্ক লাগে, তবে তা ভেতরের পুষ্টিহীনতার ইঙ্গিত হতে পারে।

মুখ ফুলে যাওয়া: অনেক সময় ক্লান্ত চেহারার কারণে মুখ কিছুটা ফোলা বা ক্লান্ত দেখাতে পারে।

ঠোঁট ফ্যাকাশে হয়ে যাওয়া:ঠোঁটের স্বাভাবিক গোলাপি ভাব হারিয়ে যাওয়াও আয়রনের অভাবের একটি লক্ষণ।

অবশ্য চিকিৎসকদের মতে, এই লক্ষণগুলো কিন্তু শুধু আয়রনের অভাবেই হয় না। ঘুম কম হওয়া, মানসিক চাপ, জিনগত কারণ বা অন্য কোনো পুষ্টির ঘাটতির কারণেও এমন হতে পারে। তাই শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে বলা সম্ভব না যে আপনার আয়রন কম আছে কি না। এর জন্য রক্ত পরীক্ষা করা জরুরি।

মুখে কি সত্যিই আয়রনের ঘাটতির ছাপ পড়ে?

অনেক সময় বলা হয় যে, ফ্যাকাশে ত্বক, চোখের নিচের কালি, ঠোঁট ফেটে যাওয়া, চুল ঝরে পড়া বা নখ দুর্বল হয়ে যাওয়া; এসব দেখে নাকি শরীরের আয়রনের অবস্থা বোঝা যায়। কিন্তু চিকিৎসকরা বলছেন, শুধু চেহারা দেখে আয়রনের ঘাটতি নিশ্চিত করার কোনো পরীক্ষিত উপায় নেই।

ওয়েস্ট মিডল্যান্ডের জিপি (ফ্যামিলি ফিজিশিয়ান) ডা. আজিজা সেসে বলেছেন, ‘ফেরিটিন ফেস’ কোনো মেডিকেল টার্ম বা রোগ না। তবে এটি আমাদের শরীরের ভেতরের অস্বাভাবিক কোনো কিছুর সংকেত হতে পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...