দীর্ঘদিনেও শেষ হয়নি সড়কের কাজ, ভোগান্তিতে বকশীগঞ্জবাসী

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের শেষ দিকে সড়কটির সংস্কারকাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজের মান নিয়ে অভিযোগ তুলে একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। পরে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হক নিম্নমানের কাজের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করেন। এরপরও সড়কটির কাজ শেষ হয়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি হয়নি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ‘ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ২ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় শওকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক শওকত। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় প্রতিষ্ঠানটিকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডি।

