২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাতেই ঘাট ছাড়ল পাথরঘাটার শত শত ট্রলার

পাথরঘাটার জেলে আলমগীর মাঝি, সেলিম নাজির, আলম ফিটার, জাকির মাঝি ও কালাম খান বলেন, ‘নিষেধাজ্ঞার আগের দিন সাগর থেকে ফিরে এসেছিলাম। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। ট্রলারে বরফ, জ্বালানি তেল ও খাবারসহ প্রয়োজনীয় সবকিছু তুলে শুক্রবার (৩০ অক্টোবর) রাতেই সাগরের উদ্দেশে রওনা দিয়েছি। এবার প্রচুর ইলিশ পাওয়ার আশা করছি।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন জানান, নিষেধাজ্ঞার সময় জাল ও ট্রলার মেরামতসহ মাছ ধরার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পরপরই উপকূলের শত শত মাছ ধরার ট্রলার সাগরের উদ্দেশে ঘাট ছেড়েছে। তবে উপকূলীয় এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। নিরাপদে মাছ ধরতে জেলেরা আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখছেন। দীর্ঘ অপেক্ষার পর এখন সবার প্রত্যাশা, জালভর্তি ইলিশ নিয়ে নিরাপদে ঘাটে ফিরবেন তাঁরা।

