কেরানীগঞ্জে ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বুড়িগঙ্গা নদীর দূষণ রোধে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১০টি অবৈধ ওয়াশিং ও ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা এবং বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যতীত সরাসরি নদীতে তরল বর্জ্য ফেলার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (২ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের কালিগঞ্জ-আগানগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক মাহবুব জামিলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, কোস্টগার্ড, পুলিশ, বিআইডব্লিউটিএ, ডিপিডিসি এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানের মাধ্যমে চিহ্নিত ১০টি কারখানার কোনোটিরই পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র ছিল না। উপরন্তু, কারখানাগুলো ইটিপি ছাড়াই তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলছিল।
অভিযান শেষে মাহবুব জামিল বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদী দূষণের অন্যতম কারণ এসব অপরিকল্পিত শিল্পকারখানা। নদীগুলো দূষণমুক্ত রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে গঠিত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান চালানো হচ্ছে।

