লোগো
Advertisement

কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণ: ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
Advertisement

অসদাচরণ ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা ও সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাবেক কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক উপকমিশনার রাজীব দাস, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতেই তাদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন। তিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একই কার্যালয়ে সংযুক্ত সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে ছিলেন না।

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সংযুক্ত সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাজীব দাস ২০২৪ সালের ২ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সিলেটের এপিবিএন-৭-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ২০২৫ সালের ১২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিভাগীয় তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে অভিযোগগুলো প্রমাণিত হওয়ার পর বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...