বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা কী

পৃথিবীর বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছেই। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে ঢাকা রয়েছে পাঁচ নম্বরে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১৭১। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৩৮। এ ছাড়া ২৭০ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় এবং ২০১ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে তৃতীয় নম্বরে।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

