আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচে বাংলাদেশের চোখ: সামনে কোন সমীকরণ

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে শুরুটা চরম হতাশার হয়েছিল বাংলাদেশের। তবে টুর্নামেন্টের বাস্তবতায় আজ সেই জিম্বাবুয়ের জয়ের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে তাওহীদ হৃদয়ের দলকে। আফগানিস্তানের বিপক্ষে আজ জিম্বাবুয়ে জিতে গেলে ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে লাল-সবুজ প্রতিনিধিদের। সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে আফগানদের হারাতে পারলেই মিলবে ফাইনালের টিকিট।
সোমবার (১৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। আসরে এটি আফগানদের প্রথম ম্যাচ হলেও জিম্বাবুয়ে নামছে নিজেদের দ্বিতীয় লড়াইয়ে।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে। তাদের নেট রানরেটও বেশ সুবিধাজনক অবস্থানে, ১.৯৮০। বিপরীতে বড় ব্যবধানে হারায় বাংলাদেশের নামের পাশে এখনো পয়েন্টের খাতা খোলেনি, উল্টো রানরেট মাইনাস ১.৯৮০ হয়ে আছে।
জিম্বাবুয়ে জিতলে সহজ হবে পথ
আজকের ম্যাচে জিম্বাবুয়ে জিতে গেলে টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করবে তারা। এতে সমীকরণ পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের জন্য। আগামী ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিণত হবে কার্যত সেমিফাইনালে। সেই ম্যাচে যে দল জিতবে, তারাই পাবে ফাইনালের দ্বিতীয় টিকিট। বাংলাদেশের জন্য বড় স্বস্তি হবে, রানরেটের কোনো বাড়তি চাপ তখন মাথায় রাখতে হবে না।
আফগানরা জিতলে জটিল হিসাব
তবে আজ যদি আফগানিস্তান জিতে যায়, তাহলে বড় ধরনের বিপাকে পড়বে বাংলাদেশ। সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে আফগানদের হারালেও ফাইনালে যাওয়া নিশ্চিত হবে না। কারণ তখন তিনটি দলেরই সংগ্রহ হবে সমান একটি করে জয় ও ২ পয়েন্ট। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে সামনে চলে আসবে জটিল নেট রানরেটের হিসাব-নিকাশ।

