রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের কিশোররা

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম
গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের কিশোররা

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের কিশোর ফুটবলারদের জয়যাত্রা চলছেই। একের পর এক বাধা পেরিয়ে এবার ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ই-টায়ারের ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আফ্রিকার দেশ গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে আকবর হোসেন রিদনের দল। নাঈমুর রহমান রাতুলের একমাত্র গোলে পাওয়া এই জয়ে নিজেদের স্তরের চ্যাম্পিয়ন হওয়া থেকে এখন মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। প্রথম দশ মিনিটে বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে হানা দিলেও গোলের দেখা পায়নি তারা। পাল্টা আক্রমণে গ্যাবনও সুযোগ তৈরির চেষ্টা করে। তবে বাংলাদেশের রক্ষণভাগের সতর্কতায় সফল হয়নি আফ্রিকার দলটি।

ম্যাচের ১৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ডান প্রান্ত দিয়ে গড়ে ওঠা আক্রমণে বাংলাদেশের এক ফুটবলারের জোরালো শট ঠেকিয়ে দেন গ্যাবনের গোলরক্ষক। তবে ফিরতি বল বিপদমুক্ত করতে পারেননি তিনি। সেই সুযোগে হেড করে বল জালে পাঠান রাতুল। তার গোলেই এগিয়ে যায় বাংলাদেশ।

চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি বাংলাদেশের এক ফুটবলার। ফলে এক গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় রিদনের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৩৩ মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি হলেও গোল পাওয়া হয়নি। অন্যদিকে সমতায় ফেরার চেষ্টা করেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি গ্যাবন। শেষ পর্যন্ত রাতুলের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।

এর আগে কোয়ার্টার ফাইনালে ইউরোপের দেশ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন পাভেল হাসান। একটি করে গোল করেন মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালি।

নকআউট পর্বের আগের দুটি ম্যাচে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হয়েছিল বাংলাদেশকে। শেষ বত্রিশে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় দলটি। প্রতিপক্ষের দুটি পেনাল্টি ঠেকিয়ে জয়ের নায়ক হন গোলরক্ষক শ্রীনাথ। শেষ ষোলোতেও সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে বাংলাদেশ।

অথচ প্রতিযোগিতার গ্রুপ পর্বে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে অভিযান শুরুর পর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে তারা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর বুরুন্ডির কাছেও ২-০ ব্যবধানে হেরে যায়। তবে শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের কিশোররা। সেই ধারাবাহিকতায় এবার পৌঁছে গেছে ফাইনালে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...