‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে জয়ে শুরু বাংলাদেশের

ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে এই ম্যাচে পাওয়া যাবে না, সেটি আগেই জানা ছিল। হামজাকে ছাড়া পরীক্ষায় কেমন করে বাংলাদেশ তা দেখার ছিল। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর ঠিক আগে নতুন ধাক্কা খায় বাংলাদেশ। ওয়ার্ম-আপের সময় পেশির চোটে মাঠে নামতে পারেননি অধিনায়ক তপু। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পান জামাল ভূঁইয়া। আর কোচ ডুলির একাদশে ছিল আরও একটি চমক। রাইটব্যাক বিশ্বনাথ ঘোষকে খেলান আক্রমণভাগের মূল স্ট্রাইকার হিসেবে।
মাঠে অবশ্য শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের। ভুটানকে নিজেদের অর্ধে আটকে রেখে আক্রমণের পর আক্রমণ করেছে স্বাগতিকেরা। সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। কর্নার থেকে আসা বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি ভুটানের রক্ষণ। বক্সের বাইরে থেকে ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক গিয়েলৎশেন জাংপো।

