লোগো

আলমডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, লালব্রিজ পশুহাট সড়কে অবস্থিত একটি ক্লিনিকে প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ক্লিনিকটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযানের সময় ওই ক্লিনিকে কয়েকজন রোগী চিকিৎসাধীন ছিলেন। রোগীদের তাৎক্ষণিকভাবে অন্যত্র স্থানান্তরের সুযোগ দিয়ে এরপর প্রতিষ্ঠানটি সিলগালা করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অন্যদিকে, একই আইনের আওতায় হাজী মোড় এলাকায় অবস্থিত ইউনাইটেড মেডিকেল সেন্টার-এও অভিযান চালানো হয়। সেখানে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

অভিযানসংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠান দুটিতে রোগী ভর্তি রেখে চিকিৎসা কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেলেও অভিযানের সময় সেখানে দায়িত্ব পালনরত কোনো চিকিৎসক কিংবা নার্সকে পাওয়া যায়নি। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বৈধ অনুমোদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও রোগীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অননুমোদিতভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনার সময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

আরও সংবাদ লোড হচ্ছে...