পটুয়াখালীর দশমিনা উপজেলায় দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে আইফোন কেনার অভিযোগ উঠেছে মো. মারুফ মুন্সি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে বিক্রি করে দেওয়া শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে মারুফ মুন্সিকে আটক করে দশমিনা থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, মারুফ ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হয়। পরে শিশুটিকেও উদ্ধার করা হয়। বর্তমানে ঘটনার বিষয়ে মারুফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে মারুফ তার মা ও শিশুটির দাদি মাহমুদা বেগমকে ছেলে মুসাকে জামাকাপড় পরিয়ে দিতে বলেন। এরপর বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শিশুটিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও মারুফ ও শিশু মুসা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পুলিশের দাবি, তদন্তের মাধ্যমে শিশুটিকে কোথায় এবং কীভাবে দেওয়া হয়েছিল, এর সঙ্গে কারা জড়িত এবং শিশুটির বিনিময়ে অর্থ লেনদেনের ঘটনা ঘটেছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।