চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে দলীয় প্রতিনিধিত্বের জন্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু।
জেলা বিএনপির প্যাডে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে নিয়মিত আমন্ত্রণ পান মাহমুদ হাসান খান বাবু। তবে ব্যক্তিগত ব্যবসা এবং বিজিএমের বিভিন্ন কার্যক্রমে ব্যস্ততার কারণে সব অনুষ্ঠানে তার পক্ষে উপস্থিত থাকা সম্ভব হয় না।
এ কারণে তার অনুপস্থিতিতে দলীয়ভাবে প্রতিনিধিত্ব করার জন্য খালিদ মাহমুদ মিল্টনকে দায়িত্ব দেওয়ার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানগুলোতে মাহমুদ হাসান খান বাবুর পরিবর্তে খালিদ মাহমুদ মিল্টনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানানোর অনুরোধ করা হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দলীয় প্রতিনিধিত্বের ক্ষেত্রে সমন্বয় আরও কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।